• 'ছাত্র আন্দোলনের আড়ালে ভারতবিরোধী চক্রান্ত,' তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার
    আজ তক | ০২ আগস্ট ২০২৬
  • Agnimitra Paul on Student Protest: ছাত্রদের আন্দোলনকে সামনে রেখে 'ভারতবিরোধী এজেন্ডা' চালানোর চেষ্টা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিশানায় তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন। দাবি করেন, ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে 'দেশবিরোধী শক্তি' সক্রিয় হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সাম্প্রতিক সন্ত্রাস-যোগ তদন্তের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়ানোর দাবিও জানান।

    অগ্নিমিত্রার বক্তব্য, ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের পাশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সব সময়ই রয়েছে। কিন্তু কোনও শিক্ষামূলক ইস্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভে যদি ‘ফ্রি কাশ্মীর’ বা ‘৩৭০ ধারা ফিরিয়ে দাও’-এর মতো স্লোগান ওঠে, তা হলে সেই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

    তাঁর দাবি, নিট (NEET) পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনে এই ধরনের স্লোগান শোনা গিয়েছে, যার সঙ্গে ছাত্রদের মূল দাবির কোনও সম্পর্ক নেই। অগ্নিমিত্রার অভিযোগ, কিছু ‘বহিরাগত শক্তি’ রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি কিছু মহল মেনে নিতে পারছে না। তাই ছাত্রদের আন্দোলনের আড়ালে ভারতবিরোধী কার্যকলাপকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    মন্ত্রী জানান, প্রকৃত ছাত্র আন্দোলনকে বিজেপি সমর্থন করবে। তবে কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদী বা দেশবিরোধী শক্তিকে ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার করতে দেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও চেষ্টার বিরুদ্ধে সরকার এবং দল কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

    সন্ত্রাস-যোগ তদন্ত নিয়ে উদ্বেগ
    সাম্প্রতিক সন্ত্রাস-যোগ তদন্তের প্রসঙ্গও এ দিন তুলে ধরেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, তদন্তে উঠে আসা তথ্য অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ করেন, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণের পরিকল্পনাও নাকি করা হয়েছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও সম্ভাব্য নিশানা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান অগ্নিমিত্রা। তাঁর মতে, জনসভা বা প্রকাশ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি, বুলেটপ্রুফ জ্যাকেট এবং জ্যামারের মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

    তৃণমূলকে নিশানা
    অগ্নিমিত্রা এ দিন আগের তৃণমূল সরকারের বিরুদ্ধেও একাধিক রাজনৈতিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, অতীতে তৃণমূলের কয়েক জন নেতা নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, সেই সময় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করা হয়েছিল। যদিও অতীতে এই ধরনের অভিযোগ তৃণমূল একাধিকবার অস্বীকার করেছে।

    'জিরো টলারেন্স'
    তোলাবাজি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং নকল মদের কারবার নিয়েও কড়া বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকারের নীতি একটাই, 'জিরো টলারেন্স'। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক পরিচয় না দেখে আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে।

    সাধারণ মানুষের উদ্দেশেও আবেদন জানান মন্ত্রী। কোথাও তোলাবাজি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় বা নকল মদের কারবারের খবর থাকলে সরকারি টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। তবে ব্যক্তিগত শত্রুতা মেটাতে কেউ যদি মিথ্যা অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন অগ্নিমিত্রা। 
  • Link to this news (আজ তক)