দুবাই না তুরস্ক? কোটি কোটি টাকার মালিক 'পাথরসম্রাট' টুলু মণ্ডলকে খুঁজছে তদন্তকারীরা
News18 বাংলা | ০২ আগস্ট ২০২৬
বীরভূম জেলার ‘পাথরসম্রাট’ টুলু মন্ডল এর ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। গ্রেফতার করা হয়েছে সেই আত্মীয় মিনার মন্ডলকে। তবে মিনার মণ্ডল গ্রেফতার হলেও টুলু মন্ডল কোথায় সেই বিষয়ে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই টুলু মন্ডলের সম্পত্তির বহর দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবার এর আগে পর্যন্ত যার নাম কতজন জানতেন তার ঠিক নেই বর্তমানে তাঁর নামই ঘুরছে প্রত্যেক মানুষের মুখে মুখে। বীরভূমের ‘পাথরসম্রাট’ নাজিমউদ্দিন মন্ডল ওরফে টুলু মন্ডল।
আত্মীয় মিনার মন্ডল গ্রেফতার হলেও টুলু মন্ডল কোথায় রয়েছে সেই প্রশ্ন ঘুরছে তদন্তকারী সংস্থার মাথায়। তদন্তকারীদের আশঙ্কা দুবাই হয়ে তুরস্কে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিমুদ্দিন ওরফে টুলু মন্ডল সঙ্গে ছিলেন বেয়াই ও ব্যবসায়ী বারিক বিশ্বাসের পরিবার। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান দুবাই থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মন্ডল। বর্তমানে টুলু মন্ডলের চারটি ফোন সুইচ অফ।
আরও পড়ুনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের জন্য উচ্ছেদের নোটিস, ২৬ অগাস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ
সূত্রের খবর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নেপালে ছিলেন টুলু মন্ডল। ক্ষমতার হাত বদল হলে সেখান থেকে লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল টুলু মন্ডলের। তবে পুলিশ সূত্রে খবর চলতি বছর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কলকাতাতেই ছিলেন টুলু মন্ডল। সূত্রের খবর বিদেশেও ফ্ল্যাট কিনেছেন নাজিমউদ্দিন ওরফে টুলু মন্ডল। দুবাইতে অন্তত দুটি ফ্ল্যাটের মালিক তিনি এবং তাঁর পরিবার। ইতিমধ্যেই ভিয়েতনাম থেকে ঘুরে এসেছে টুলু মন্ডল। সেখানেও সম্পত্তি কেনাবেচার ব্যাপারে কথাবার্তা চলছিল বলে জানা যায়। সূত্রের খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রিয়েল এস্টেট ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। সৌদি আরবে খাদ্য সামগ্রী কাঁচা সবজি এবং মাছের এক্সপোর্ট ব্যবসাও ছড়িয়ে ছিলেন তিনি।
তাঁর একের পর এক সম্পত্তি কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা সামনে এসেছে তবে টুলু মন্ডল কোথায় তাঁর সম্পত্তির মতন সেটাও কোটি টাকার প্রশ্ন। গরু পাচার, বালি পাচার, পাথর পাচার টুলু মন্ডলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। তবে কেমন ভাবে এই সব করে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছিলেন। তদন্তকারীদের দাবি খোঁজ করতে সামনে এসেছে টুলু মন্ডলের নিজস্ব ছাপাখানার নকল DCR বুক। এই নকল DCR এর ফলে রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ঘাটতি হত।