• নিষিদ্ধ অ্যাপে হামিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ, প্রভাবশালীদের কী ভাবে ফাঁসাত অর্পিতা?
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • রিপোর্টিং: গোপাল সোনকার

    ইনস্টাগ্রামে আলাপ। সোশ্যাল মিডিয়ায় চ্যাট-এ কথা বলতে বলতেই ঘনিষ্ঠতা বাড়ে। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেটা কেবল ব্যক্তিগত পরিসরেই নয়, পেশাগত ক্ষেত্রেও প্রতারণার হাতেখড়ি হয় হামিমের হাত ধরে। ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে প্রভাবশালীদের ফাঁসিয়ে বড় অঙ্কের টাকা আদায়ে সিদ্ধহস্ত হয়ে ওঠে অর্পিতা।

    অপরাধ জগতের কাজকর্ম সারতে সমাজমাধ্যমে যোগাযোগের ছক বদলে ফেলে হামিম-অর্পিতা। এসটিএফ সূত্রে খবর, ‘Element X’ নামে একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখত দু’জনে। অপরাধের ব্লু-প্রিন্ট তৈরি হতো সেই অ্যাপের চ্যাটবক্সেই। কাকে ‘টার্গেট’ করতে হবে, কোথায় যেতে হবে– যাবতীয় তথ্য আদানপ্রদান ও প্ল্যানিং তৈরি করা হতো। এসটিএফ জানিয়েছে, হাওড়ার এক মন্ত্রীর ছেলেকেও একই ভাবে ফাঁসানোর ছক করেছিল অর্পিতা। উল্লেখ্য, ২০২৩ সালে জাতীয় নিরাপত্তার স্বার্থে ১৩টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তার মধ্যে ছিল এই ‘Element X’ অ্যাপটিও।

    সমাজমাধ্যমের সূত্র ধরেই বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করত অর্পিতা। মূলত, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফির কাজের মাধ্যমেই ভিভিআইপি-দের কাছে পৌঁছে যেত অর্পিতা। এর পরেই প্রয়োগ হতো তাদের ফাঁদে ফেলার কৌশল। টোপ গিললেই ভয় দেখিয়ে তাঁদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো।

    আদালতে পেশ করা নথি অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, তথ্যপ্রযুক্তি আইন, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের পাশাপাশি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর ১৩ ও ১৮ ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত অর্পিতা সরকারকে আজ বর্ধমান আদালতে পেশ করে এসটিএফ। অর্পিতা সরকারকে ১৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বর্ধমান আদালত। এ দিন অর্পিতাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

    উল্লেখ্য, ইতিমধ্যেই হামিমকেও জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে পুলিশের হাতে। ‘রানা’, ‘আবির’, ‘হাবিব’, ৩৩৩’ নামে বিভিন্ন পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে হামিম যোগাযোগ রাখত বলে এসটিএফ সূত্রে খবর। মাদক সন্ত্রাস ও অপরাধ সংক্রান্ত নেটওয়ার্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল হামিম। পাকিস্তান থেকে বিভিন্ন ‘এনক্রিপ্টেড চ্যাটের’ মাধ্যমে হামিমের সঙ্গে যোগাযোগ রাখত ওই পাকিস্তানি হ্যান্ডলগুলি। এর জন্য ব্রিটেন এবং মেক্সিকোর সিম কার্ডও ব্যবহার করা হতো।

  • Link to this news (এই সময়)