সুন্দরবনে নয়া চমক, সন্দেশখালিতে অবশেষে সুপার স্পেশালিটি হাসপাতালের দিনক্ষণ শুরু
News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
: বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান বিধায়ক সনৎ সর্দার। নির্বাচনে জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত জমি চিহ্নিত করার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সন্দেশখালীতে একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন বিধায়ক সনৎ সরদার। পরিদর্শনের পর হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী পর্যায়ে প্রকল্পের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
বর্তমানে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চল সন্দেশখালী থেকে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বসিরহাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হয়। নদীপথ ও দীর্ঘ সড়কপথ পেরিয়ে সেখানে পৌঁছতে অনেক সময় লাগে। জরুরি পরিস্থিতিতে এই দীর্ঘ যাতায়াত রোগী ও তাদের পরিবারের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিধায়ক সনৎ সর্দার জানান, নির্বাচনী প্রচারের সময় তিনি এলাকাবাসীর কাছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যেই প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুত পরবর্তী ধাপের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, সন্দেশখালীতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলে শুধু এই ব্লক নয়, পার্শ্ববর্তী হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত চিকিৎসার সুবিধা পাবেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা হাতের নাগালেই মিলবে। হাসপাতাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি পূরণ হবে এবং সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে।