• ফ্ল্যাটের অর্ধেক টাকা দেন বাবা, সেই ঘর থেকেই বিতাড়িত!অপরাধের চরম মাশুল গুনে হাজতে কুলাঙ্গার ছেলে
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • : বৃদ্ধ বাবা মা শেষ বয়সে ছেলেকে ভরসা করেই কিনে দিয়েছিল ফ্ল্যাট। এখন সেই ফ্ল্যাট-ই দখল করার জন্য বাবা মাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ গুণধর ছেলের বিরুদ্ধে। শেষ বয়সে কোথায় যাবেন তারা? প্রশাসনের দ্বারস্থ হতেই নেওয়া হল কড়া ব্যবস্থা, আদালতেও বৃদ্ধ অসহায় বাবা-মা জানালেন বাকি জীবনটুকু কাটাতে চান শান্তির ওই ঘরেই। বাবা-মাকে মারধর করে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নাগেরবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নাগেরবাজার থানার অন্তর্গত দমদম রোড এলাকার একটি আবাসনে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    অভিযোগ, বৃদ্ধ দম্পতি বিজয় কুমার ডালমিয়া ও পুষ্পা ডালমিয়া দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটটি কেনার সময় মোট মূল্যের প্রায় অর্ধেক অর্থ বৃদ্ধ দম্পতিই দিয়েছিলেন। তবে ফ্ল্যাটটি তাঁদের ছেলে রাজেশ ডালমিয়ার নামে কেনা হয়। সেই সময় পারিবারিকভাবে ঠিক হয়েছিল, বাবা-মা যতদিন জীবিত থাকবেন ততদিন ওই ফ্ল্যাটেই থাকবেন এবং তাঁদের মৃত্যুর পর ফ্ল্যাটের সম্পূর্ণ মালিকানা ছেলের হবে। কিন্তু সম্প্রতি বৃদ্ধ দম্পতির অভিযোগ, তাঁদের ছেলে রাজেশ ডালমিয়া তাঁদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক ফ্ল্যাট থেকে বের করে দেন। অসহায় অবস্থায় তাঁরা নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নাগেরবাজার থানার পুলিশ। অভিযোগের ভিত্তি অভিযুক্ত গুণধর ছেলে রাজেশ ডালমিয়াকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতে উপস্থিত হয়ে বৃদ্ধ দম্পতি বিচারকের কাছে আবেদন জানান, তাঁদের যেন পুনরায় ওই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তাঁদের দাবি, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তাঁরাও আর্থিকভাবে অংশীদার ছিলেন এবং জীবনের শেষ সময়টা তাঁরা নিজেদের সেই বাড়িতেই কাটাতে চান। এদিনের এই ঘটনা যেন সমাজের করুণ চিত্রই আরও একবার ফুটিয়ে তুলল।
  • Link to this news (News18 বাংলা)