২৫ দিনের মধ্যে খালি করতে হবে এসপ্ল্যানেড, ৫০০-র বেশি ব্যবসায়ীকে নোটিস
প্রতিদিন | ০১ আগস্ট ২০২৬
সরকারি সম্পত্তি দখল বা বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত নয়, সরকারের ক্ষমতা হাতে পেতেই সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে, এবার নোটিস পড়ল এসপ্ল্যানেডের বহু দোকানে। আগামী ২৬ অগস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে।
তবে ব্যবসায়ীদের উচ্ছেদ নয়, এসপ্ল্যানেড মেট্রো সম্প্রসারণের জন্য মার্কেট সাময়িক সরাতে বলা হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজের জন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগোতেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিকল্পনা মতো, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে ময়দান মার্কেটের ঠিক নিচে। এই প্রকল্পের জন্যই মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে ব্যবসায়ীদের দোকানগুলি স্থানান্তর করতে হবে।
প্রশাসন সূত্রের খবর, আপাতত অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে। উল্লেখ্য, এই মেট্রো স্টেশন তৈরি করা নিয়ে ব্যবসায়ীদের স্থানান্তরের ক্ষেত্রে টানাপোড়েন দীর্ঘদিনের। শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্কও। রাজ্যে সরকারি পালাবদলের পর এই জটিলতা কাটতে শুরু করে। অবশেষে এসপ্ল্যানেডের ব্যবসায়ীরা স্থানান্তরের রাজি হন।
প্রকল্পের কাজ শুরু করতে নির্ধারিত সময়ের মধ্যেই মার্কেট খালি করার প্রক্রিয়ায় জোর দিয়েছে পূর্ত দপ্তর। ইতিমধ্যেই ভিক্টোরিয়া স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। ভিক্টোরিয়া পর্যন্ত মাটির তলায় পৌঁছেছে টানেল বোরিং মেশিন। এই অবস্থায় এসপ্ল্যানেডের মেট্রোর কাজ দ্রুত শুরু করতে তৎপর রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ।