বাবা-মা’কে মারধর করে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার অভিযোগ পেতেই তৎপর পুলিশ প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে। উত্তর ২৪ পরগনার দমদমের নাগেরবাজার এলাকার ঘটনা।
অভিযোগ ওই ব্যক্তি কর্মসূত্রে মুম্বই থাকে। তিনি বাড়ি ফিরে, বৃদ্ধ বাবা-মাকে মারধর করে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ। ছেলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ ডালমিয়া দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নাগেরবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত রাজেশ ডালমিয়াকে। ওই দম্পতির মেয়েও রয়েছে।
নাগেরবাজার থানার মতিঝিল সিদ্ধেশ্বরী গার্ডেনের একটি আবাসনে ফ্ল্যাট রয়েছে বিজয় কুমার ডালমিয়া এবং তাঁর স্ত্রী পুষ্পা ডালমিয়ার। ৭৯ বছরের বিজয় কুমার ডালমিয়া জানাচ্ছেন, গত ১৯ বছর ধরে তাঁরা ওই আবাসনে বসবাস করছেন। তাঁদের অভিযোগ, ২৮ জুলাই মঙ্গলবার তাঁদের ছেলে মুম্বই থেকে ফিরে আসেন। ডালমিয়া দম্পতির অভিযোগ, ছেলে এবং তাঁর পুত্রবধূ ঘরের তালা ভেঙে ফ্ল্যাট দখল করতে চেয়েছিল।
বিজয় ডালমিয়া জানাচ্ছেন, এই ফ্ল্যাট কেনার সময় অর্ধেক টাকা তিনি দিয়েছিলেন। সেই সময়ে তিনি ওই টাকা নগদ ছেলের হাতে তুলে দিয়েছিলেন। সেই ফ্ল্যাট ছেলে নিজের নামে করে নেয়। তার পর থেকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। তিনি বলেন, ‘ছেলে-ছেলের বউ আমাদের দেখে না, কোনও টাকাও দেয় না।’ মেয়ের থেকে সাহায্য নেন ওই বৃদ্ধ দম্পতি।
বিজয় ডালমিয়া এবং তাঁর স্ত্রীর আবেদন, যতদিন তাঁরা বাঁচবেন, সেই ফ্ল্যাটেই যেন তাঁদের থাকতে দেওয়া হয়। এ দিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনও উত্তর দেননি অভিযুক্ত।