অর্জুন সিংয়ের নামে ভুয়ো MLA সার্টিফিকেট বানিয়ে প্রতারণা, ধৃত দুই
News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিংয়ের নামে ভুয়ো বিধায়ক (MLA) শংসাপত্র তৈরি করে প্রতারণার অভিযোগে ইছাপুরের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম সোমনাথ দাস এবং রোমান দাস।
পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে মন্ত্রীর নামে জাল বিধায়ক শংসাপত্র তৈরি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। সম্প্রতি এক ব্যক্তি সেই শংসাপত্র একটি সরকারি দফতরে জমা দিতে গেলে নথির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। পরে যাচাই করে দেখা যায়, শংসাপত্রটি সম্পূর্ণ ভুয়ো। এরপর ওই ব্যক্তি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সোমনাথ দাস ও রোমান দাসকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ভুয়ো শংসাপত্র তৈরি করা হচ্ছিল এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির নোয়াপাড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রী অর্জুন সিংয়ের নজরে আনা হয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা দাবি করেন, তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁদের বক্তব্য, গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ তাঁদের কাছে থাকায় পরিকল্পিতভাবে চক্রান্ত করে এই মামলায় জড়ানো হয়েছে।