মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম সাগর সোনকর এবং সাহেব সোনকর। ধৃতেরা দু’জনে সম্পর্কে ভাই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের পরিকল্পনা ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে করা হয়েছিল। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে একাধিক বার পিছিয়ে আসতে হয়।
ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রের আরও দাবি, সাগরের ফোনের সিডিআর বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সাগরের সঙ্গে ভাড়াটে শুটারের যোগাযোগ ছিল। শুটারের টাকা পৌঁছে দেওয়ার দায়িত্বও সাগর নিয়েছিল। তবে সাগর, সাহেব কেন চন্দ্রনাথকে খুন করার পরিকল্পনা করেছিল তা এখনও স্পষ্ট নয়। কোথা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে সিবিআই এখনও কিছু জানায়নি।
মামলায় এখনও পর্যন্ত ছ’জন শুটারকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হলো— মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীনকুমার সিংহ। এ ছাড়াও, সুপারি নেওয়ার মধ্যস্থতাকারী বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্রকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও একজন অভিযুক্ত পলাতক বলে জানিয়েছেন তদন্তকারীরা। শুক্রবার আরও দু’জন গ্রেপ্তার করা হলো।