টুলু মণ্ডলের বাগানবাড়ির কাছে গাড়ি বাজেয়াপ্ত, গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ!
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
সিউড়িতে টুলু মণ্ডলের বাগানবাড়ির কিছুটা দূরে হাইওয়েতে ওঠার রাস্তায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে অভিযোগ, ওই গাড়িতে করে টুলু মণ্ডলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে গাড়িটিকে আটক করে পুলিশ। পরে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। গাড়িতে থাকা নথিপত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেগুলির প্রকৃতি কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে প্রচুর ফাইল উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ফাইল ও কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।
আটক চালক পুলিশের কাছে দাবি করেছেন, ম্যানেজারের নির্দেশেই তিনি নথিপত্র নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে, টুলু মণ্ডলের স্টোন কোম্পানির ম্যানেজার পার্থ প্রতিম ঠাকুরের দাবি, বৃহস্পতিবার সকালে টুলু মণ্ডল ফোন করে ট্রাকের কাগজপত্র সরিয়ে ফেলতে বলেন। সেই নির্দেশ মেনেই গাড়িতে কিছু লরি, ডাম্পারের বিল এবং পাথর বিক্রির চালান তোলা হয়েছিল।
আরও পড়ুনঃ অসমে বন্যার তাণ্ডব অব্যাহত, মৃত কমপক্ষে ৮১, জলমগ্ন হাজার হাজার হেক্টর কৃষিজমি, দুর্ভোগে ৩ লক্ষাধিক মানুষ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুবাই সরকার ওরফে শুভাশিস সরকার, যিনি টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে ঝাড়খণ্ড এলাকার ব্যবসা ও বেআইনি জমির দেখভাল করতেন, বর্তমানে পলাতক। তদন্তকারীরা নথিগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন।
এদিকে, আদালতের শুনানিতে সরকারি পক্ষের আইনজীবী দাবি করেন, দুবাই এবং মালয়েশিয়া থেকে সোনা নিয়ে আসা হয়েছে। পরে আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দুবাই এবং সুইজারল্যান্ড থেকেও সোনা আনা হয়েছে। তাঁর বক্তব্য, দেশের বাইরে থেকে সোনা আনার বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
সরকারি পক্ষের আইনজীবী আদালতে আরও জানান, ২৩ তারিখ শেষবার টুলু মণ্ডলের অবস্থান ট্র্যাক করা গিয়েছিল। তবে তারপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে আর কোনও তথ্য মেলেনি। তিনি দেশের বাইরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, সে বিষয়ে আদালতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।