১ অগাস্ট থেকে শুরু জনগণনা, কীভাবে বাড়ি বসে করবেন সেলফ এনুমারেশন? গাইড
আজ তক | ৩১ জুলাই ২০২৬
১ অগাস্ট, শনিবার থেকে শুরু হচ্ছে জনগণনার সেলফ এনুমারেশন পদ্ধতি। ১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত নলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এ রাজ্যের বাসিন্দারা। কোথায় এবং কীভাবে এই তথ্য নথিভুক্ত করবেন, তার সম্পূর্ণ গাইডলাইন বর্ণনা করা হল।
এই প্রথম বার ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। রয়েছে সেলফ এনুমারেশন প্রক্রিয়া।
কীভাবে করবেন সেলফ এনুমারেশন?
> https://se.census.gov.in পোর্টাল খুলতে হবে।
> নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) বেছে নিতে হবে।
> এরপর ক্যাপচা (Captcha) কোড ঠিকমতো পূরণ করতে হবে।
> পরিবার পিছু যে কোনও একজন ব্যক্তি সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
> পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর দিতে হবে। দেওয়া যেতে পারে ইমেল আইডিও (ঐচ্ছিক)।
> প্রতিটি পরিবারের জন্য কেবল একটিই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। একবার একটি মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে গেলে, তা অন্য কোনও পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।
> পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
> নথিভুক্ত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP যাবে।
> যিনি সেলফ এনুমারেশন করবেন, তাঁর জেলা নির্বাচন করে পিন কোড লিখতে হবে। এলাকার নামও সঠিক ভাবে উল্লেখ করতে হবে।
> ডিজিটাল মানচিত্রে থাকা লাল মার্কার ড্র্যাগ করে বা সরাসরি ক্লিক করে নিজের বাড়ির উপর রেখে ঠিকানা ও অবস্থান নিশ্চিত করতে হবে।
> স্ক্রিনে টুলটিপ , FAQ এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া থাকবে। সেগুলি দেখে সব প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে হবে।
> প্রিভিউ স্ক্রিন আসবে, সেখানে যা যা তথ্য এখনও পর্যন্ত দিয়েছেন, সে গুলি ভাল করে যাচাই করতে হবে।
> তথ্য ঠিক থাকলে ফাইনাল সাবমিশন করতে পারেন। Confirm and Submit অপশন ক্লিক করলে তথ্য জমা হয়ে যাবে। একবার ফাইনাল সাবমিশন করে দিলে আর কোনও তথ্য সংশোধন করা যাবে না।
এর পরের ধাপে একটি ইউনিক ১১ সংখ্যার SE ID তৈরি হবে। এই ID-র শুরুতে থাকবে H থাকবে। ID-টি SMS-এর মাধ্যমে আসবে।
সর্বশেষ ধাপে বাড়িতে গণনাকারী বা এনুমারেটর আসবেন। তাঁকে SE ID দিতে হবে। যদি সেই ID সরকারের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তবে গণনাকারী আপনার তথ্যগুলো গ্রহণ করে নেবেন। কোনও কারণে ID না মিললে, গণনাকারী নতুন করে আপনার থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপে তুলবেন। এনিউমারেটর বা গণনাকারী বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন ১৬ অগাস্ট থেকে। তাঁরা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটিতে নাম্বারিং করবেন। সেই নাম্বারিং ধরে সব তথ্য জোগাড় করবেন এবং অ্যাপে তুলবেন। এই কাজ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।