ভালবাসার আলিঙ্গন না যুদ্ধের মহড়া...? ঝমঝমিয়ে বৃষ্টিতে বহরমপুরে শিউরে ওঠা ছবি, মুহূর্তে ভাইরাল
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
বৃষ্টির মধ্যে শহর বহরমপুরে হঠাৎই হল যুদ্ধের মহড়া। কিন্তু এই সময়ে কেন যুদ্ধ? তবে যুদ্ধের মহড়া না ভালবাসার আলিঙ্গন, দুই গোসাপ রাস্তায় ধারে দাঁড়িয়ে রয়েছে একে অপরের গলা জড়িয়ে। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন দর্শকরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়ো দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকেই। ভালবাসা, যুদ্ধের প্রস্তুতি, না কি অন্য কিছু? জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। এক রাস্তার ধারে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। যেখানে সরীসৃপ জুটিকে একে অপরকে কার্যত ‘আলিঙ্গন’ করতে দেখা গিয়েছে। বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ার সংলগ্ন এলাকায় দু’টি বেশ বড় আকারের গোসাপ শহরের রাস্তার ধারে একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুন: বর্ষাতেও ভুরভুরিয়ে ফুটবে গাঁদা ফুল…! চোখ ধাঁধিয়ে দেবে বাগান, শুধু করুন ১ মিনিটের ছোট্ট কাজ, টিপস দিয়ে দিলেন বাগান ‘এক্সপার্ট‘
দু’টি গোসাপই লেজে ভর দিয়ে নিজেদের দু’টি পা দিয়ে গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। সেই দৃশ্য দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকেই জানতে উৎসুক ছিলেন প্রাণী দু’টি আসলে কী করতে চাইছে। অনেকেই মনে করছেন এটা যুদ্ধের আগের দৃশ্য। আবার অনেকের অনুমান সরীসৃপগুলি লড়াই করছিল।
ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মানুষের উপস্থিতি সত্ত্বেও দুটি গুইসাপ আলিঙ্গনে ব্যস্ত রয়েছে। ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে তখনও বৃষ্টি পড়তে দেখা যায়। এরই মধ্যে রাস্তার একপাশে গুইসাপের কাণ্ড দেখে মানুষের ভিড় বাড়তে থাকে। গুইসাপের রোম্যান্সের ভিডিও পোস্ট হতেই নেটিজেনরা ব্যাপক মজা পাচ্ছেন।
পরিবেশপ্রেমীরা জানিয়েছেন, গোসাপ আলিঙ্গন বা ‘লিজার্ড হাগ’ হল দুটি গোসাপের একে অপরকে পেঁচিয়ে ধরা বা কোলাকুলি করার মতো একটি বিশেষ আচরণ, যা মূলত তাদের প্রজনন ঋতুতে লড়াই বা শক্তির পরীক্ষা। বাইরে থেকে একে আদর বা আলিঙ্গন মনে হলেও এটি আসলে পুরুষ গোসাপগুলোর মধ্যে এলাকা দখল বা আধিপত্য বিস্তারের কুস্তি বা লড়াইয়ের একটি প্রস্তুতি পর্ব। গ্রাম বাংলার ভীষণ পরিচিত একটি প্রাণী গোসাপ। আপাত নিরীহ প্রাণীটিকে সাপ সম্বোধন করা হলেও গোসাপ কিন্তু আদতে সাপ নয়। ইংরেজিতে গোসাপ মনিটর লিজার্ড নামে পরিচিত। বাংলার নানা অঞ্চলে গোসাপকে স্বর্ণ গোধিকা, সোনাগো, সোনাগুই, গোহরকেল, গরগেল, গুইল, গুল, গুলসাপ নামে ডাকা হয়।