হাজারদুয়ারি চত্বরের সৌন্দর্যায়নে উদ্যোগ, জিয়াগঞ্জে আধুনিক মার্কেট-সহ একাধিক প্রকল্পের ঘোষণা
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
মুর্শিদাবাদ জেলাতে পর্যটন স্থল হাজারদুয়ারি ।আর সেই হাজারদুয়ারি চত্বর কে ঢেলে সাজানো একাধিক উদ্যোগ গ্রহণ করা হল। গঙ্গা ধার সহ রাস্তা বাঁধানো হবে।দীঘার মতো মুর্শিদাবাদ শহরে পর্যকরা আরও আসবে এই শহরে, ফলে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে জানিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এছাড়াও তৈরি হবে হকারদের জন্য জি প্লাস ফাইভ মার্কেট নির্মাণ, বিউটিফিকেশন।
মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ জানিয়েছেন, জিয়াগঞ্জের সার্বিক উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, হকার উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাদের জীবিকা সুরক্ষিত রাখা হবে। লালবাগ ও জিয়াগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে আপাতত ১ থেকে দেড় বছরের জন্য হকারদের অস্থায়ী বসার জায়গা দেওয়া হবে। পরবর্তীতে পাহাড়া বাগান ও মতি মহলে হাসপাতাল এবং রাজ্য সরকারের জমিতে জি প্লাস ফাইভ আধুনিক মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে, যেখানে রাস্তার হকাররা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি জিয়াগঞ্জ ও আজিমগঞ্জেও এই মডেল চালু করে চওড়া রাস্তা ও সুসংহত বাজার ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি।
২০২৭-২৮ অর্থবর্ষে জিয়াগঞ্জে বালুচরি সিল্কের হাট তৈরির কথা ঘোষণার পাশাপাশি মন্ত্রী জানান, সিপিএম বা তৃণমূল হকারদের ভবিষ্যতের কথা ভাবেনি, কিন্তু বিজেপি তাদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেবে।অন্যান্য প্রকল্পের বিষয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানান, হাজারদুয়ারীর সামনে গঙ্গার পাড় সৌন্দর্যায়ন (বিউটিফিকেশন) ও লাইট অ্যান্ড সাউন্ড প্রজেক্টের কাজ আগামী অক্টোবরের পর শুরু হবে। এর জন্য চিহ্নিত আট বিঘা জমির পরিকল্পনা ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠানো হবে। পর্যটন শিল্প উন্নত হলে অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থান মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি জানান, মুখ্যমন্ত্রীর লক্ষ্যমাত্রা অনুযায়ী তিন মাসের মধ্যে রাজ্যের ৫০০টি লাইব্রেরি ডিজিটাল করা হবে, যার অধীনে জিয়াগঞ্জেও তৈরি হবে আধুনিক ডিজিটালাইজড লাইব্রেরি। জিয়াগঞ্জ ও লালবাগের লাইব্রেরিতে SC, ST, OBC ও আর্থিক অনগ্রসর শিক্ষার্থীদের জন্য WBCS, NET, PSC এবং এসএসসি পরীক্ষার বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া ২০২১ সালে বন্ধ হয়ে যাওয়া জিয়াগঞ্জের ঐতিহাসিক লন্ডন মিশন হসপিটাল পুনরায় চালু করার বিষয়ে স্বাস্থ্য ভবন থেকে প্রশাসনিক অনুমোদন মিলেছে জানিয়ে তিনি বলেন, নতুন ৫০টি বেড সংযোজন ও প্রয়োজনীয় চিকিৎসক এনে খুব শীঘ্রই হাসপাতালটি আবার পুরোদমে চালু করা হবে।