• সহকর্মীকে ‘ধর্ষণ’! হাবড়ায় ধৃত সিভিক
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপনে তোলা হয়েছিল পোশাক বদলের একাধিক ছবি। আর তা দেখিয়েই দিনের পর দিন চলত ব্ল্যাকমেইল। ওইসব ছবিকে সামনে রেখেই এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। বারাসত পুলিশ জেলার হাবড়া থানার মহিলা সিভিক ভলান্টিয়ারের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার অমিত ভদ্রকে। অভিযোগকারিণী ও অভিযুক্ত— দু’জনেই হাবড়া থানার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার। বুধবার সকালে আত্মসমর্পণ করার পর অমিতকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। এদিনই ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দু’জনের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে আদালতে। 

    নির্যাতিতার অভিযোগ, ডিউটিতে আসার পর আমাদের পোশাক পরিবর্তন করতে হয়। সেইসব মুহূর্তের ছবি গোপনে ক্যামেরাবন্দি করেছিল অমিত। পরে সেই ছবি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল। অভিযোগ, এভাবে দিনের পর দিন ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ২০২৪ সাল থেকে লাগাতার তার লালসার শিকার হয়েছেন তিনি। নির্যাতিতা এবং অভিযুক্ত—দু’জনেই বিবাহিত। মহিলা ভলান্টিয়ার তাহলে এতদিন বাদে মুখ খুললেন কেন? সূত্রের দাবি, সামাজিক অসম্মান, সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা এবং ক্রমাগত হুমকির কারণেই তিনি এতদিন নীরব ছিলেন। অবশেষে সপ্তাহখানেক আগে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এদিকে, অভিযোগ দায়ের হওয়ার পরই গা-ঢাকা দেয় অমিত। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে বুধবার সকালে আত্মসমর্পণ করে সে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

    তদন্তকারীদের দাবি, ধর্ষণের অভিযোগ ছাড়াও নির্যাতিতাকে প্রাণনাশের হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে। মোবাইল ফোন, ডিজিটাল তথ্যপ্রমাণ ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর অমিত ভদ্রের বিরুদ্ধে এলাকা থেকেও নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখাত অমিত। থানার অফিসারদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে বিভিন্ন লোককে ‘হুমকি’ও দেওয়া হত বলে অভিযোগ। সূত্রের খবর, একটা সময় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অমিত।

    রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অবশেষে সাহস নিয়ে থানায় নালিশ জানান নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। এ বিষয়ে বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অমিতকে এক মাস আগেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুন কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই গ্রেপ্তার হওয়ার পর গোটা রাজ্যেই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের বারাসত পুলিশ জেলার অন্তর্গত হাবড়া থানার সিভিক ভলান্টিয়ার অমিত ভদ্রের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে এল। 
  • Link to this news (বর্তমান)