নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রামের খুনের মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার ওই মামলায় সাতজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা বিচারক (তৃতীয় কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় দোষীদের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে মঙ্গল যাদব, মহম্মদ নাসিম ওরফে গুড্ডু, সাদ্দাম হোসেন, বৈজনাথ রায়, মহম্মদ আকবর, মহম্মদ শানু ও মহম্মদ মানু। এরমধ্যে মহম্মদ নাসিম ওরফে গুড্ডুর গুলিতেই মৃত্যু হয়েছিল দিলীপ রামের। অন্যদিকে, মঙ্গল যাদব ওই ঘটনার মূলচক্রী তথা ব্যান্ডেলের ‘লেডি ডন’ সমুন্দ্রী ওরফে শকুন্তলা যাদবের ছেলে।
আদালতের রায়ে খুশি দিলীপ রামের স্ত্রী ঋতু সিং। তিনি বলেন, ফাঁসির সাজা হলে আরও ভালো লাগত। তবে আদালত দৃষ্টান্তমূলক সাজা দিয়েছে। আমি খুশি। অন্যদিকে, মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, আমরা দৃষ্টান্তমূলক সাজার আবেদন করেছিলেন। ওই মামলার তদন্তকারী অফিসার প্রদীপ দাঁ ভালোভাবেই তদন্ত করেছেন। ৯০ দিনের মধ্যে চার্জশিট হয়েছে। বিচারকের রায়ে আমরা খুশি। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ জুন দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন দিলীপ রাম। ওই জনপ্রিয় তৃণমূল নেতাকে ব্যান্ডেল স্টেশনে খুন করা হয়। তদন্তে সামনে আসে ব্যান্ডেলের ‘লেডি ডন’ সমুন্দ্রী যাদবের সঙ্গে তাঁর বিবাদের কথা। জানা যায়, সমুন্দ্রীর জমি দখলের চেষ্টা রুখে দিয়েছিলেন দিলীপ। তাই পথের কাঁটা সরাতে সুপারি কিলার নিয়োগ করে সমুন্দ্রী। তদন্তে নেমে সমুন্দ্রীর ছেলে সহ ৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে সাতজনকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে আদালত। যদিও সমুন্দ্রী ও তার অন্য এক ছেলের হদিশ এখনও মেলেনি।