পার্থ-অর্পিতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বীরভূমের মিনার! বাস চালকের বাড়িতে শেষে মিলল কত কোটি?
News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা এবং সোনা৷ সূত্রের খবর, পেশায় বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে ১৫ কেজি সোনা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২৪ কোটি টাকার ক্যাশ৷ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে বলেই জানা গিয়েছে৷ ২০২২ সালে তৎকালীন শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি নগদ টাকা এবং প্রচুর গয়না। মিনার মণ্ডলের টাকা, সোনার অঙ্ক যেন সেই সংখ্যাকেই চ্যালেঞ্জ ছুঁড়েছে৷
সূত্রের খবর, মিনার মণ্ডলের বাড়িতে সোনা ওজনের দায়িত্বে ছিলেন নীলকন্ঠ সালুই৷ তিনিই সোনা ওজন করা শেষ করার পর জানান, প্রায় ১৫ কেজি ওজনের সোনার বাট পাওয়া গিয়েছে৷
স্থানীয় এলাকার বাসিন্দাদের সূত্রে খবর, মিনার পেশায় একজন সরকারি বাসের চালক ছিলেন। এর পাশাপাশি পাথর ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। টুলুর একাধিক খাদানের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত মিনার। এমনকী জানা গিয়েছে পূর্বতন সরকারের আমলের টুলু মণ্ডলের রাজস্ব আদায়ের গেটে ম্যানেজার ছিলেন এই মিনার। তবে এত টাকা এল কোথা থেকে, টাকার উৎস কী, কোনও বেআইনি পথে আয় কি না সেটা এখনও স্পষ্ট নয়। তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে টুলু মণ্ডলের এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকেরা। রাত পেরিয়ে দুপুর হলেও, সূত্রের খবর, থরে থরে সাজানো নোটের বান্ডিল রয়েছে এখনও। কত টাকা রয়েছে, তা গুনতে এখনও পর্যন্ত পাঁচটি নোট গোনার যন্ত্র আনা হয়েছে। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে বড় বড় ট্রাঙ্কও। রাতে আচমকাই ফিল্মি স্টাইলে মহম্মদবাজারের দেউচা এলাকায় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের হানা দিয়ে বাড়ি ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে ডিসিআর গেট থেকে প্রত্যেকদিন রাজস্ব আদায় হতো ৭০ লক্ষ টাকা। অন্তত এমনটাই হিসাব ছিল খাতা কলমে। তবে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার সরকারিভাবে রাজস্ব আদায় শুরু করলে সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রত্যেকদিন ২ কোটি ৮০ লক্ষ টাকা। তাহলে পূর্বতন সরকারের আমলে সেই ২ কোটি ১০ লক্ষ টাকা কোথায় যেত? এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বর্তমান শাসক দল। আর এই বিষয় নিয়ে বেশ কয়েকদিন আগে অভিযোগ তুলেছিলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।