মতুয়া ভক্তদের জন্য এবার ‘মতুয়া বন্ধু চিকিৎসা কার্ড’! বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এই কার্ডেই মিলবে বিশেষ ছাড়। মতুয়া ভক্তদের উন্নত চিকিৎসা পরিষেবার আওতায় আনতে বড় উদ্যোগ নিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ও গাইঘাটার বিধায়ক তথা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য সুব্রত ঠাকুর। ‘মতুয়া বন্ধু চিকিৎসা কার্ড’-এর মাধ্যমে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড় ও একাধিক চিকিৎসা সংক্রান্ত সুবিধা পাবেন কার্ডধারী মতুয়া ভক্তরা। এই লক্ষ্যে এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে মতুয়া মহাসংঘ ও বি.পি. পোদ্দার হাসপাতালের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিনের অনুষ্ঠানে গাইঘাটার বিধায়ক তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ‘মতুয়া বন্ধু চিকিৎসা কার্ড’। জানানো হয়, এই কার্ডের মাধ্যমে হাসপাতালের ওপিডি পরিষেবা, বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা, ওষুধ কেনাসহ একাধিক চিকিৎসা পরিষেবায় বিশেষ ছাড় এবং অন্যান্য সুবিধা মিলবে। বেসরকারি হাসপাতালের তরফে শ্রীতপা চক্রবর্তী ঠাকুর জানান, উন্নত বেসরকারি চিকিৎসা পরিষেবাকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর দাবি, এই উদ্যোগের ফলে বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ কম খরচে গুণমান সম্মত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন।”
সুব্রত ঠাকুর জানান, আপাতত বি.পি. পোদ্দার হাসপাতালের সঙ্গে এই পরিষেবা চালু হলেও ভবিষ্যতে আরও একাধিক নামী বেসরকারি হাসপাতালকে মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ মানুষেরও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে বলে তিনি আশাবাদী। এখন এই প্রকল্প বাস্তবে কতটা মানুষের উপকারে আসে, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহল ও মতুয়া সম্প্রদায়ের।