জেলে থেকেই জেলা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল, এ বার বই লিখে ফেললেন অসিত মজুমদার। নিজের বইয়ের নাম দিলেন, ‘কারগারের অন্তরালে ২০ দিন’। জেলে থাকা অবস্থায় দিনগুলি কেমন ছিল, তা নিয়েই হয়েছে এই বই। অসিত মজুমদার মমতাপন্থী তৃণমূলের হুগলি জেলা সভাপতি। তিনি চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। ৩১ মে চুঁচুড়া থানা গ্রেপ্তার করে অসিত মজুমদারকে। প্রায় ২০ দিন হুগলি জেলে বন্দি থাকার পরে ছাড়া পেয়েছেন তিনি।
বুধবার প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। অসিত বলেন, বহুদিন রাজনীতি করেছি। আগেও বিরোধী রাজনীতি করেছি কিন্তু জেলে যেতে হয়নি। এ বার আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হলো। পরে তোলাবাজি আর ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত করা হলো। তাঁর মতে, কারাগারের দিনগুলো খুব কষ্টের ছিল। সেই অভিজ্ঞতাই তুলে ধরেছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেক বই লিখেছেন। তবে এই বইয়ের বিষয়ে তাঁকে জানানো হয়নি।
বই-এর প্রচ্ছদের ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাতেই সাড়ে তিন লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। অসিত মজুমদার জানান, তাঁর আরও বই লেখার ইচ্ছে রয়েছে। তার সঙ্গে সক্রিয় রাজনীতি চলবে বলে জানিয়েছেন তিনি।
প্রাক্তন বিধায়কের কারাগারের অভিজ্ঞতা নিয়ে বই লেখাকে কটাক্ষ করেন চুঁচুড়ার বর্তমান বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, ‘তৃণমূল সরকার যা চুরি-জোচ্চুরি করেছে তাদের নেতারা যা বলছেন সেগুলো নিয়ে বই লেখাই যায়। ওঁর এখন কোনও কাজ নেই, তাই বই লিখছেন ভালো কথা।’