মালদহে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ! মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল পড়ুয়ার
News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
মালদহের ইংরেজবাজার থানার লক্ষীপুরের ধানতলা মোড়ে বুধবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। গুরুতর আহত হয়েছেন টোটোচালক-সহ আরও এক যাত্রী। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টোটোচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিকি মণ্ডল (১৮)। তিনি মালদহ শহরের বিভূতিভূষণ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত টোটোচালক কৌশিক মণ্ডল (২০)। দু’জনেরই বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি বাহান্নবিঘা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মালদহ শহরের দিক থেকে মোথাবাড়ির পঞ্চানন্দপুরের উদ্দেশে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। অন্যদিকে লক্ষীপুর থেকে বাগবাড়ির দিকে যাচ্ছিল টোটোটি। ধানতলা মোড়ে পৌঁছতেই বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের একটি বাড়ির প্রাচীরে গিয়ে ধাক্কা মারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা বিকি মণ্ডলকে মৃত ঘোষণা করেন। মৃতের আত্মীয় সুদীপ মণ্ডল জানান, বিকি ও কৌশিক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বাড়ি ফেরার পথেই নিয়ন্ত্রণ হারানো বাসটি টোটোতে সজোরে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও টোটো উদ্ধার করে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও, প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।