দেহ সৎকার করে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, দুমড়ে গেল বাইক, মৃত ৪ যুবক
News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রানাঘাটের বলাগড় ঘাট থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারলে চার যুবকেরই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রানাঘাটের মাসুন্ডা এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বলাগড় ঘাট এলাকায় এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন চার যুবক। সৎকারের কাজ শেষ করে একটি মোটরবাইকে চেপে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে হঠাৎই বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়। পরে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে দু’জনের নাম সবুজ বিশ্বাস ও প্রতাপ প্রামাণিক। অপর দুই মৃত যুবকের নাম অমিত বিশ্বাস এবং সৌমেন হালদার। চারজনেরই বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে অন্তত দু’জনের বাড়ি রানাঘাটের মাসুন্ডা গ্রাম সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মৃত প্রতাপ প্রামাণিকের কাকা বিশ্বজিৎ বিশ্বাস জানান, মৃতদেহ সৎকার করে ফেরার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাঁর দাবি, দ্রুতগতিতে আসার সময় বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। একইসঙ্গে এক বাইকে চারজন যাত্রীর উপস্থিতি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার সময় বাইকের গতি, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ এবং অন্য কোনও যানবাহনের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। এদিকে একসঙ্গে চার যুবকের অকালমৃত্যুতে মাসুন্ডা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।