উত্তরবঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জল্পেশের সংবর্ধনা অনুষ্ঠান থেকে তিনি জানান, জলপাইগুড়িতে শীঘ্রই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এ জন্য স্থানীয় সাংসদ জয়ন্ত কুমার রায়কে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ঐতিহ্য সংরক্ষণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশের মন্দিরে পুজো দেন শুভেন্দু। তার পরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, ‘উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।’ ভাষণের শুরুতেই রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
‘কৃষক বন্ধু’ প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। যাঁরা কোনও কারণে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ যোজনার সুবিধা পাবেন না তাঁদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, ‘সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে ৪ হাজার টাকা দেওয়া হবে।’ তবে তার জন্য অন্তত এক শতক কৃষিজমির মালিক হতে হবে।
১৬ অগস্ট রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে বলে জানান শুভেন্দু। তিনি বলেন, ‘যাঁদের কোনও কারণে আয়ুষ্মান কার্ড করা সম্ভব হবে না, তাঁদের সমপর্যায়ের সুবিধা-সহ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘এই ক্ষেত্রে কেউই বঞ্চিত হবেন না।’ সভা থেকে এলাকার পুরনো মন্দির ও মঠ সংরক্ষণের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বিধায়কদের নির্দেশ দেন, ‘জরাজীর্ণ প্রাচীন মঠ-মন্দির, কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলির তালিকা তৈরি করুন।’ সেই তালিকার ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি।
পাশাপাশি সকলকে নতুন করে জব কার্ড তৈরির আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই বছর থেকে রাজ্যে ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থানের প্রকল্প চালু হয়েছে।’ রাজ্যের মানুষকে যাতে কাজের সন্ধানে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে না হয়, তার জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।
১. কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলপাইগুড়িতে একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা করেন তিনি। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে একাধিক প্রকল্পের কথা জানান।
২. বিশ্ববিদ্যালয় কোথায় হবে?
জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করা হয়েছে। এর জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
৩. কৃষকদের জন্য কী ঘোষণা করা হয়েছে?
সব কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগের কথা বলা হয়েছে। যাঁরা সেই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁরা যোগ্য হলে ‘কৃষক বন্ধু’ প্রকল্পে বছরে ৪ হাজার টাকা পাবেন।
৪. আয়ুষ্মান দিবস কবে পালন করা হবে?
১৬ অগস্ট রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
৫. আয়ুষ্মান কার্ড না থাকলে কী সুবিধা মিলবে?
যাঁদের আয়ুষ্মান কার্ড হবে না, তাঁদের সমপর্যায়ের সুবিধাসহ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
৬. মন্দির ও মঠ নিয়ে কী ঘোষণা করা হয়েছে?
জরাজীর্ণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত প্রাচীন মন্দির ও মঠের তালিকা তৈরি করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
৭. কর্মসংস্থান নিয়ে কী জানানো হয়েছে?
সবাইকে নতুন করে জব কার্ড তৈরির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালুর কথা জানানো হয়েছে, যাতে রাজ্যের মানুষকে কাজের জন্য ভিন্রাজ্যে যেতে না হয়।