নিটে রাজ্যের সেরা ১০০-কে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, ‘আরশোলা’ আন্দোলন বিতর্কের মধ্যেই বড় ঘোষণা
প্রতিদিন | ২৮ জুলাই ২০২৬
নিট-ইউজি উত্তীর্ণ রাজ্যের প্রথম ১০০ জন পড়ুয়াকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তাঁদের সংবর্ধিত করবেন। আগামী কাল, মঙ্গলবার নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হবে। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস, পরবর্তীতে ‘আরশোলা’দের আন্দোলন। দিল্লির আন্দোলনের ঢেউ এসে পড়েছিল কলকাতাতেও। গত শুক্রবার কলকাতাতেও ‘আরশোলা’দের আন্দোলন হয়। সেই মিছিল থেকে হিংসা ছড়ানো, সাংবাদিক নিগ্রহের ঘটনাও সামনে আসে! সেই ইস্যুতে ধরপাকড়ও চলছে। সেই আবহেই জানা গেল, এবার নিটে রাজ্যের সেরা ১০০-কে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরে নিট ইউজি-র ফল প্রকাশিত হয় দেড় সপ্তাহ আগে। ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবেশিকা রাজ্য জয়েন্টের ফল আরও আগে প্রকাশিত হয়েছে। আগে থেকেই রাজ্য সরকারের তরফে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমতুল পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়ার প্রচলন আছে। তবে ডাক্তারিতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের কৃতীদের সরকারিভাবে অতীতে সংবর্ধনা দেওয়া হয়নি বলেনি খবর। এবারই ডাক্তারি পড়ুয়াদের সংবর্ধিত করছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই আগামী কালের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর থেকে বাংলার এবারের প্রথম ১০০ জন কৃতীর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। নিটের প্রশ্নফাঁস, কলকাতায় আন্দোলন, ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রভৃতির মধ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে নবান্ন সূত্রে খবর, কৃতী পড়ুয়াদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।