• টিফিন বাক্স খুলে খেতে খেতেই শুরু শ্বাসকষ্ট, বাগুইআটির স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • স্কুলে টিফিনের সময়েই রহস্যজনক ভাবে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম মহম্মদ রায়হান (১৫)। ওই পড়ুয়া নিউ টাউন ঘুনির বাসিন্দা বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনার বাগুইআটির চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের পড়ুয়া ছিল রায়হান। পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার টিফিনের সময়ে ক্লাস থেকে বেরিয়ে ব্যাগ থেকে টিফিন বাক্স বের করে খাবার খেতে বসেছিল রায়হান। রুটি মুখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    পরিবারের অভিযোগ, প্রথমে স্কুল কর্তৃপক্ষ ফোন করে জানান রায়হান পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। পরে জানানো হয়, টিফিন খাওয়ার সময়ে তার গলায় খাবার আটকে গিয়েছিল। তবে ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত ছাত্রের মা জানান, তিন দিন পর স্কুলে গিয়েছিল রায়হান। প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। স্কুলে পৌঁছে সহপাঠীদের কাছ থেকে তিনি জানতে পারেন, টিফিন খাওয়ার সময়ে হঠাৎ শব্দ শুনে সবাই দেখে রায়হান মাটিতে পড়ে রয়েছে এবং তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।

    মৃত ছাত্রের বাবা বলেন, ‘স্কুলের চার-পাঁচজন ছাত্র দীর্ঘদিন ধরে তার ছেলেকে মারধর করত। গত সপ্তাহেই সেই বিষয়ে অভিভাবকদের মিটিংয়ে তাকে ডাকা হয়েছিল।’ সেই অভিযোগের সঙ্গেও এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

  • Link to this news (এই সময়)