কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রথমবার সংসদে এসে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান। নিজেকে স্ট্রিট ফাইটার বলে উল্লেখ করে তাঁর পাল্টা কটাক্ষ, ‘আমি এসি রুমের অ্যাক্টিভিস্ট নই।’
সোমবার সংসদের মকর দ্বারে পৌঁছতেই ধর্মেন্দ্র প্রধানকে স্বাগত জানান বিজেপি ও এনডিএ-র একাধিক সাংসদ। সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে উত্তরীয় ও ঐতিহ্যবাহী পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর কাছে এসে বলেন, ‘ইট হ্যাপেনস’ যার বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায় ‘এমনটা হয়’।
দ্রুত তার পাল্টা জবাব জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘কিছুই হয়নি। আমি স্ট্রিট ফাইটার। এসি রুম অ্যাক্টিভিস্ট নই।’ ঘটনার সময়ে একদিকে বিজেপি সাংসদরা ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বিরোধী সাংসদরা পাল্টা স্লোগান তোলেন।
প্রসঙ্গত, NEET ২০২৬-এ প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের পরে ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এরপর সোমবারই ছিল তাঁর প্রথম সংসদে উপস্থিতি।