• আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সুদীপ-কাকলিদের, কোথায় হবে মিটিং জানেন কি?
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য-রাজনীতিতে ফের নতুন মোড়। এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ১টায় নয়াদিল্লির বঙ্গভবনে এই বৈঠক হতে চলেছে।এনসিপিআইয়ের পক্ষ থেকে এই বৈঠকে থাকবেন তৃণমূল ত্যাগ করে আসা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ জন সাংসদ। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বৈঠক হবে কী না সেই বিষয়েও প্রথমদিকে প্রশ্ন দেখা দিয়েছিল। তবে আজ, সোমবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ এনসিপিআই সাংসদদের কাছে একটি বার্তা আসে। তাতে জানানো হয়,  আগামীকাল, মঙ্গলবার দুপুর ১টায় বৈঠক হবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। ফলে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া ২০ জন সাংসদ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এটিই হতে চলেছে তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে এই বৈঠকে ঠিক কী কী বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাংসদ তহবিলের খরচ সংক্রান্ত বিষয় এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কী ভাবে কাজ করবেন সাংসদরা সেই বিষয়ে নিয়েই আলোচনা হতে পারে। এই বৈঠক জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

    প্রসঙ্গত, লোকসভার স্পিকার ওম বিড়লা এই ২০ সাংসদের দলবদলকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেননি। তবে ইতিমধ্যেই তাঁদের জায়গা বদলে অন্যত্র বসার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, দলত্যাগের পর থেকেই এই সাংসদদের পদ খারিজের দাবিতে সরব হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। এই বিষয়ে নিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে দেখাও করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্ররা। তবে স্পিকার এখনও পর্যন্ত সাংসদ পদ খারিজের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি।
  • Link to this news (বর্তমান)