নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল জমানার অবসান ঘটেছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক সরকারি সিদ্ধান্ত এবং প্রশাসনিক বিন্যাসে বদল লক্ষ্য করা যাচ্ছিল। এবার সেই পালা বদলের ছাপ পড়ল নবান্নের নীল ফলকেও। এর আগে অবশ্য নবান্ন সভাঘরের রঙও নীল-সাদা থেকে পরিবর্তন করে গেরুয়া করা হয়েছিল। গেরুয়া আলোতে সাজানোও হয়েছিল বিল্ডিংটি। তারপর আজ, সোমবার ক্ষমতায় আসার প্রায় আড়াই মাস পর নবান্নের মাথায় থাকা নীল ফলকের রঙ পালটে দেওয়া হল। করা হল উজ্বল গেরুয়া।
এদিন নবান্ন চত্বরে সরকারি কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাঁদের সকলের উপস্থিতিতে বিল্ডিংয়ে মাথায় লাগানো নীল ফলকটি নামিয়ে আনা হয়। তারপর বসিয়ে দেওয়া হয় নতুন গেরুয়া রঙের ফলকটি। তবে ফলকের রঙ পাল্টানো হলেও বিল্ডিংয়ের রঙ কবে বদল করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছুই জানা যায়নি। কিন্তু অনেকেই মনে করছেন শীঘ্রই বিল্ডিংয়ের রঙও পাল্টানো হতে পারে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সরকারি স্কুলের ইউনিফর্মের রঙও নীল-সাদা করা হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরই সেই নিয়ম বাতিল করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের আগে স্কুলের নিজস্ব ইউনিফর্ম যেমন ছিল তেমনই থাকবে।