• এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, জেনে নিন কোন কোন জেলায় বেশি?
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ এবং বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। গত বেশ কয়েক সপ্তাহ জুড়ে ধারাবাহিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গতকালই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ টি গত ৬ ঘন্টায় তিন কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরো উত্তর- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের আশেপাশে বালেশ্বর ও ক্যানিং এর মধ্যবর্তী পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।  

    এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। একদিকে নিম্নচাপ অন্যদিকে রাজ্যের ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। যা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    কলকাতায় সোম, মঙ্গল দুই দিনই বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। ভারী বৃষ্টি থাকবে মূলত উপকূলের জেলাগুলোতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। কলকাতার মতোই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
  • Link to this news (বর্তমান)