• এক চিকিৎসকের ফ্ল্যাটে চুরি, অন্য ডাক্তারের বাড়িতে চেষ্টা, লেকটাউনে জোড়া এফআইআর দায়ের
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক চিকিৎসকের বন্ধ ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। লেকটাউনের বাঙ্গুর অ্যাভিনিউয়ের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ওই একই এলাকায় অন্য একজন চিকিৎসকের ফ্ল্যাটেও চুরির চেষ্টা হয়েছে। তবে, ওই ফ্ল্যাট থেকে দুষ্কৃতীরা জিনিসপত্র চুরি করতে পারেনি। দুই চিকিৎসকই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জোড়া এফআইআর রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, তিনি প্রয়োজনীয় কাজে টানা ১১ দিন ফ্ল্যাটে ছিলেন না। ২৩ জুলাই তিনি আবাসনের অন্যান্য প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, তাঁদের ফ্ল্যাটের মূল দরজার তালা ভাঙা। তিনিও ফ্ল্যাটে যান। গিয়ে দেখেন, তালা ভেঙে দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢুকেছে। সবকিছু লণ্ডভণ্ড করা। বাড়িতে পারিবারিক সোনার গয়না ছিল। তা সবই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ওই চিকিৎসক অভিযোগপত্রে জানিয়েছেন, চুরি যাওয়া গয়নার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ২৪ জুলাই তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

    ২৪ জুলাই আরও এক চিকিৎসক লেকটাউন থানায় তাঁর ফ্ল্যাটে চুরির চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তিনিও বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি আবাসনে থাকেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ২৪ জুলাই তিনি প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন যে, তাঁর ফ্ল্যাটের তালা ভাঙা। সম্ভবত, আগের রাতে অর্থাৎ, ২৩ জুলাই তাঁর ফ্ল্যাটে দুষ্কৃতীরা এসেছিল। তিনি গিয়ে দেখেন, মূল গেটের তালা ভাঙা হলেও দুষ্কৃতীরা ভিতরে ঢুকে কিছু নিতে পারেনি। তবে, চুরির চেষ্টায় আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। ওই ঘটনারও তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের একই গ্যাং এই দুই অপারেশন করেছে, নাকি দু’টি পৃথক ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)