• ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সাত বছর পর হতে চলেছে সমাবর্তন
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রায় সাত বছর পর সমাবর্তন হতে চলেছে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। শেষবার ২০১৯ সালে এই অনুষ্ঠান হয়েছিল। মাঝে দুই বছর করোনার কারণে তা করা যায়নি। তাছাড়া পরপর অস্থায়ী উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। ফলে এই নিয়ে উদ্যোগ নেননি কেউই। ফেব্রুয়ারি মাসে স্থায়ী উপাচার্য এসেছেন বিশ্ববিদ্যালয়ে। ভোট মিটতেই সমাবর্তন করার উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলে এনিয়ে আলোচনাও হয়েছে।

    এই সাত বছরে ৩০০০-এর বেশি পড়ুয়ার সার্টিফিকেট প্রদান ছাড়াও গবেষকদের শংসাপত্র দেওয়া বকেয়া রয়েছে। এতদিন এই সার্টিফিকেট না পাওয়ার জন্য গবেষকদের নানা সমস্যায় পড়তে হয়েছে। উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগস্ট মাসে সমাবর্তন হবে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। রাজ্যপাল তথা আচার্য এই নিয়ে জানাবেন। সমাবর্তনে প্রচুর ছাত্রী সার্টিফিকেট পাবেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সমাবর্তনে কাদের ডিলিট ও ডিএসসি দেওয়া হবে, সেই নিয়ে এগজিকিউটিভ কাউন্সিল বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে একাধিক নাম উঠে আসে। এক সঙ্গীতশিল্পী ও গবেষককে এই সম্মান জানানো হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। এবার সেটা বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে পেশ করা হবে। রাজ্যপালের অনুমোদন পেলে তবেই সেই নামের উপর সিলমোহর পড়বে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সমাবর্তন অনুষ্ঠান করবে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১৫ আগস্টের পর এই দিনক্ষণ ঠিক হতে পারে।
  • Link to this news (বর্তমান)