• পুকুরপাড়ে যৌন নিগ্রহের শিকার বৃদ্ধা, আটক এক
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সেই ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল জয়নগরে। এবার ৬৫ বছরের এক বৃদ্ধাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত ওই বৃদ্ধার পরিচিত, নাকি অন্য কেউ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। 

    জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ির পিছনে কলাবাগানে মোচা কাটতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। ফাঁকা জায়গায় তাঁকে দেখতে পেয়ে এক যুবক যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না, তা নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। বৃদ্ধার চিৎকারে আশপাশের মানুষজন দ্রুত চলে আসে ঘটনাস্থলে। তাঁদের দেখে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে জয়নগরের বকুলতলা থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা হাসপাতালে স্থিতিশীল রয়েছেন। সূত্রের খবর, ওই বৃদ্ধাকে পুকুর পাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা মহিলা। থানায় অভিযোগ করেছেন নির্যাতিতার বাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুর পুলিশ জেলার পদস্থ অফিসারদের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। বারুইপুর কাণ্ডে এক অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছিল। অনেকেরই মনে হয়েছিল, হয়ত এই ধরনের কাজ করারা আগে ভয় পাবে অপরাধীরা। কিন্তু তাতে পরিস্থিতির যে বদল হয়নি, তা এই ঘটনাতেই স্পষ্ট।
  • Link to this news (বর্তমান)