• টিএমসিপির প্রতিষ্ঠান দিবসে রাখি বন্ধন, প্রস্তুতি বৈঠকে ছাত্র-যুবদের কী বার্তা মমতার?
    প্রতিদিন | ২৭ জুলাই ২০২৬
  • ২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সম্প্রীতি দিবস হিসাবে পালনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রত্যেকবার তিনিই থাকেন প্রধান বক্তা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দিল্লিতে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দলের ছাত্রছাত্রীদের আগামী দিনে প্রয়োজনে বড় আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার বার্তাই দিয়েছেন নেত্রী।

    রবিবার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে তপসিয়ার তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ফোনে সেখানকার ছাত্র-যুবদের বার্তা দেন মমতা। জানান, এই কর্মসূচির জন্য বরাবরের মতো মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চাওয়া হয়েছে। এদিন ছাত্র-যুবদের প্রশংসা করে তিনি বলেন, “যেভাবে ২১ জুলাই কর্মসূচি হয়েছে তা দলের ছাত্র-যুবদের জন্যই সম্ভব হয়েছে।” মমতা আরও বলেন, “২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হবে। সকলে সকলকে রাখি পরাবেন। কেন্দ্রের সরকার ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে মাথা নামিয়েছে। দরকারে আমাদের ছাত্রছাত্রীদেরও আন্দোলনে নামতে হবে আগামিদিনে।”

    ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি ও দুদিন আগে পার্কসার্কাসে সভার অনুমতি পাওয়া নিয়ে যা হয়েছে তা তুলে ধরে মমতা রাজ্য প্রশাসনকে নিশানা করেন। পদে পদে বর্তমান রাজ্য সরকার কীভাবে তাঁদের হেনস্তা করছে, এই অভিযোগও করেন। একুশে জুলাইয়ের মতোই তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচির অনুমতি পাওয়া নিয়েও যে প্রশ্ন রয়েছে এদিন সে কথাও মনে করিয়ে দেন মমতা।

     
  • Link to this news (প্রতিদিন)