• কার্গিল বিজয় দিবসে কোন রাজনৈতিক ইস্যুতে সরব শমীক?
    আজকাল | ২৭ জুলাই ২০২৬
  • বিউ সরকারঃ আজ বাংলা তথা দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। সেই উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে একাধিক রাজনৈতিক বিষয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-এর মতো বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশপাশি, পড়ুয়াদের মিছিলে দেশবিরোধী স্লোগানকে কেন্দ্র করেও আক্রমণ শানালেন তিনি।

    রবিবার, গত ২১ জুলাইয়ের প্রসঙ্গ টেনে শমীক বলেন, "মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে এবার কংগ্রেস পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। কংগ্রেস এখন কার্যত তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে। কখনও তৃণমূলের সঙ্গে, কখনও সিপিআইএম-এর সঙ্গে থাকে। তাদের নৈতিকভাবে প্রশ্ন তোলার অধিকার নেই।" ২০১৫ সালের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, "ওই ঘটনার রিপোর্ট আজও প্রকাশ্যে আসেনি।"কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "সারা দেশে কংগ্রেস এখন ব্রাত্য। তাদের চেক কোথাও আর ক্যাশ হচ্ছে না।"

    সাম্প্রতিক সময়ে নিটের প্রশ্নফাঁস বিরোধী মিছিলে 'আজাদি' স্লোগান নিয়েও কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। তবে দেশবিরোধী বা ভারত ভাঙার স্লোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।" শুক্রবার কলকাতায় মহামিছিলে সাংবাদিকদের আক্রমণে অভিযুক্তদের মধ্যে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই প্রসঙ্গে শমীকের মন্তব্য, " যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ রয়েছে।"

    এ দিন কার্গিল বিজয় দিবসে শহিদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে শমীক বলেন, "পাকিস্তানের জন্ম এবং পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহই শেষ পর্যন্ত কার্গিল যুদ্ধের মতো পরিস্থিতির জন্ম দিয়েছে।" এই প্রসঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথাও উল্লেখ করেন। পাশাপাশি জানান, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালিত হচ্ছে। শহিদ কণাদ ভট্টাচার্যের বাড়িতে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানও শোনেন তিনি।

     
  • Link to this news (আজকাল)