টোটোর বেপরোয়া গতি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দেড় মাসের শিশু! আহত মা
News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
টোটোর বেপরোয়া চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। সেই অভিযোগের মধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র দেড় মাসের এক শিশুকন্যা। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালিতলা মাঝেরপাড়া দুই মাইল এলাকায় একটি টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর বাসিন্দা রাম ঘোষ পেশায় দিনমজুর। তাঁর দেড় মাসের মেয়ে বৃষ্টি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। রবিবার শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা পূজা ঘোষ। চিকিৎসকের কাছে দেখিয়ে টোটোয় করে বাড়ি ফেরার সময় রামনগর রোডের একটি ব্যাঙ্ক সংলগ্ন মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত অবস্থায় টোটোটি আচমকাই ডানদিকে ঘুরে একটি গলির রাস্তায় ঢোকার চেষ্টা করে। সেই সময় বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরবাইক সজোরে টোটোটিতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে টোটোটি উল্টে যায়। টোটো থেকে ছিটকে পড়েন পূজা ঘোষ এবং তাঁর কোলে থাকা শিশুকন্যা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। আহত পূজা ঘোষ বর্তমানে চিকিৎসাধীন। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনগাঁ শহর ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে টোটো চলাচল করছে। এর জেরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর টোটো চলাচলের উপর কড়া নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।