‘পৃথিবীটাই তো দেখল না’, খেলতে খেলতে ১৫ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু খুদের! ক্ষুব্ধ এলাকাবাসী
প্রতিদিন | ২৬ জুলাই ২০২৬
আবাসনে খেলতে খেলতে ১৫ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকায়। নিহতের নাম অব্যান সূর্য। গোটা ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবার এবং এলাকাবাসী।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। শিশুটি আবাসন চত্বরে বন্ধুদের সঙ্গে খেলছিল। তার কিছুটা দূরেই চলছিল নির্মাণকাজ। সেখানে প্রায় ১৫ ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটি জল ভর্তি ছিল। কিন্তু অভিযোগ, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গর্তটির চারপাশে কোনও ব্যারিকেড বা গার্ডরেল দেওয়া ছিল না। খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি সেখানে পড়ে যায়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অব্যান সেখানে পড়ে গেলে তাঁর বন্ধুরা দ্রুত সেই খবর স্থানীয়দের জানায়। তারপর সেখানে ছুটে যান সবাই। অব্যানকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়েন এক নিরাপত্তারক্ষী। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি।
ঘটনাস্থলে ছুটে আসেন আবাসনের বহু লোকজন। জলে ঝাঁপ মারেন আরও কয়েকজন। বেশ কিছুক্ষণের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবার বলেন, “ও তো পৃথিবীটাই তো দেখল না। তার আগেই চলে গেল।” গোটা ঘটনায় গ্রেটার নয়ডা অথরিটির উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। কেন গর্তটির চারপাশে কোনও ব্যারিকেড বা গার্ডরেল ছিল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রেটার নয়ডা অথরিটির জেনারেল ম্যানেজারের আবার দাবি, তাঁদের অজান্তেই এই গর্ত খোঁড়া হয়েছিল।