• প্রশ্ন-ফাঁসে দোষীদের ১০ বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা, নতুন বিলে অনুমোদন মন্ত্রিসভার
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: নিটের মতো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অথবা অন্য অনিয়মের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আরও কড়া আইন আনছে কেন্দ্র। বৃহস্পতিবার মাঝরাতে প্রধানমন্ত্রীর ভিডিয়োবার্তার পর, শুক্রবারই এই সংক্রান্ত নয়া বিলে অনুমোদন দিয়েছে মোদি মন্ত্রিসভা। নতুন বিলে  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। এরই সঙ্গে হতে পারে এক কোটি টাকা জরিমানা। আর এই অপরাধগুলির সর্বদাই বিচার হবে ফাস্ট ট্র্যাক আদালতে। সেই আদালত গঠনের কথাও থাকবে বিলে। এতদিন এধরনের অপরাধে কারাবাসের সর্বোচ্চ মেয়াদ ছিল ৩ থেকে ৫ বছর।

    গত কয়েকদিন ধরেই ছাত্র-যুব আন্দোলনে উত্তাল দেশ। যন্তরমন্তর ছাপিয়ে দেশজুড়ে পৌঁছে গিয়েছে এই আন্দোলনের আহ্বান। সেই ডাকে সাড়া দিয়ে গোটা দেশ এদিন গর্জে ওঠে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। মোদি সরকার যে যথেষ্ট ব্যাকফুটে এই আন্দোলনের জেরে সেটা নিয়ে সংশয় নেই। কিন্তু বিরোধী দল অথবা বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টি উভয়পক্ষই যে দাবিতে অনড়, সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য করছে না। ছাত্র-যুব দাবি করছে ইস্তফা, আর প্রধানমন্ত্রী গত ৪৮ ঘণ্টা ধরে কখনও বিবৃতি দিচ্ছেন, কখনও মধ্যরাতের ফেসবুক লাইভ করছেন, কখনও মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিচ্ছেন ফাস্ট ট্র্যাক আদালত এবং নতুন বিল এনে সাজা বৃদ্ধির ব্যবস্থা করার। কিন্তু আন্দোলনের প্রকৃত দাবি যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাই এই প্রবল বিকল্প ব্যবস্থাগুলি নিয়ে মুখরক্ষার প্রয়াসেও বিক্ষোভ মেটার লক্ষণ নেই।
  • Link to this news (বর্তমান)