রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ! মায়ের আর্তনাদে ছুটে এল ছেলে, গ্রেপ্তার ২ প্রতিবেশী
প্রতিদিন | ২৫ জুলাই ২০২৬
রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক। এই ঘটনা মরুরাজ্যের আলওয়ারের। অভিযোগ, জোর করে বাড়িতে ঢুকে প্রবীণার উপর অত্যাচার চালায় দুই যুবক। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার তিরিশ মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে, ফরেনসিক তথ্য সংগ্রহের পাশাপাশি জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ঘটনাটি ২১ জুলাইয়ের। বৃদ্ধা রাত সাড়ে দশটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন। এরপরেই বাড়িতে ঢোকে দুই যুবক। তখন বাড়িতে বৃদ্ধার ছেলেও ছিলেন। তিনি মায়ের আর্তনাদ শুনে অন্য ঘর থেকে ছুটে আসেন। যদিও দুষ্কৃতীদের ধরতে পারেননি। তারা পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে— অভিযুক্তরা হল মোরাধ্বজ ও বাচ্চু। নির্যাতিতা জানিয়েছেন, একজন ধর্ষণ করে। সঙ্গী যুবক তাকে এই কাজে সাহায্য করে।
খেরলি থানার আধিকারিক বিজয় চান্ডেল জানান, এটা গুরুতর অপরাধ। অভিযোগ পাওয়ার তিরিশ মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। দু’জনই নির্যাতিতার প্রতিবেশী। তাদের আদালতে হাজির করা হলে আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অভুযুক্তদের কঠোর শাস্তি হবে।