আগামী প্রজন্মকে প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে সচেতন করে তোলা এবং প্রশাসনের প্রতি তাদের ভয় ও দূরত্ব দূর করতে অভিনব উদ্যোগ নিল রামপুরহাট মহকুমা প্রশাসন। ‘Friday with SDO’ নামে নতুন এই কর্মসূচির মাধ্যমে প্রতি শুক্রবার এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মহকুমা প্রশাসনিক ভবন ঘুরিয়ে দেখানো হবে।
শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন-এর ১৪ জন ছাত্রকে নিয়ে আসা হয় মহকুমা প্রশাসনিক ভবনে। মহকুমাশাসকের সঙ্গে পরিচয়পর্বের পর তাঁদের অফিসের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখানো হয়। প্রতিটি দফতরে কী ধরনের কাজ হয়, কোন পরিষেবার জন্য কোথায় যেতে হয় এবং কোন আধিকারিক কোন দায়িত্ব পালন করেন, সে বিষয়ে বিস্তারিতভাবে পড়ুয়াদের জানানো হয়।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে প্রতি শুক্রবার রামপুরহাট মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ১০ থেকে ১৫ জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেবে। বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে প্রশাসনিক কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে তারা। প্রশাসনের মতে, এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন সরকারি দফতরের কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে, তেমনই ভবিষ্যতে প্রয়োজনে নিজেরাই প্রশাসনিক পরিষেবা গ্রহণ করতে আরও আত্মবিশ্বাসী হবে।
রামপুরহাটের মহকুমাশাসক রাঠোর অশ্বিন সিংহ বলেন, “তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কর্মসূচি শুরু করেছি। প্রথমত, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যে দূরত্ব বা ভয় রয়েছে, তা দূর করতে চাই। শিশুদের ছোটবেলা থেকেই প্রশাসনের সঙ্গে পরিচয় করিয়ে দিলে সেই সংকোচ কাটবে। দ্বিতীয়ত, সরকারি দফতর কীভাবে কাজ করে, তা তারা কাছ থেকে জানতে পারবে। ফলে ভবিষ্যতে কোনও প্রশাসনিক কাজে তাদের অসুবিধা হবে না। তৃতীয়ত, কয়েক বছরের মধ্যেই এই ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবে। এখন থেকেই যদি তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে পরিচিত হয়, তাহলে ভবিষ্যতে প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার মতো পেশা সম্পর্কেও তারা আগ্রহী হতে পারে।”