প্রাক্তন পুরমন্ত্রীর মুখে হঠাৎ নতুন পুরমন্ত্রীর প্রশংসা! কেন জানেন?
আজকাল | ২৫ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশাসনিক সক্রিয়তার প্রশংসা করলেন। তাও আবার বিধানসভার ভিতরে! আর এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। শুক্রবার অধিবেশনে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম জানান, দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই মাসের মধ্যেই অগ্নিমিত্রা পাল যেভাবে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শন করছেন এবং সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন, তা প্রশংসনীয়। তিনি স্বীকার করেন, নিজের দায়িত্বকালে তিনি সেইভাবে মাঠে নেমে সক্রিয় থাকতে পারেননি।
বর্তমান মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন চালিয়ে প্রশাসনিক গাফিলতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এই সক্রিয়তা বিধানসভায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ফিরহাদের বক্তব্যের সময় তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আপত্তি জানালে তিনি স্পষ্ট করেন, তিনি সরকারের কাজের প্রশংসাই করছেন এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
আলোচনার সময় রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। ফিরহাদ হাকিম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক এবং প্রতিটি সরকারকেই একসময় সমালোচনার মুখোমুখি হতে হয়। তিনি আরও জানান, বর্তমান সরকারের নেতৃত্বে যদি শহরের উন্নয়ন হয়, তা রাজ্যের জন্য ইতিবাচক হবে।
অগ্নিমিত্রা পাল তাঁর জবাবে বলেন, প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি তিনি পূর্ববর্তী সরকারের সময় নগর পরিষেবা, নিকাশি ব্যবস্থা ও জল জমার সমস্যার স্থায়ী সমাধান না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। নিকাশি উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের ব্যবহার এবং বরাদ্দ বণ্টনে বৈষম্যের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এর আগেও বিধানসভায় প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমান সরকারের কিছু প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করেছিলেন।