• এবার এসএসসি মামলায় বড় ধাক্কা খেলেন কল্যাণ!
    আজকাল | ২৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একে দলের সংঘাতে জেরবার। তার উপর এবার আরও বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। একুশে জুলাইয়ের সভামঞ্চে প্রকাশ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ, তারপর লোকসভা থেকে সাসপেন্ড, আর এবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গুরুত্বপূর্ণ মামলা থেকেই সরিয়ে দেওয়া হল কল্যাণকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। ঠিক তখনই বোঝা যায়, আর ওই মামলায় সওয়ালকারীর ভূমিকায় নেই কল্যাণ ব্যানার্জি।

    সরকার বদলের পরেই এসএসসি-র নতুন চেয়ারম্যান হন আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা। চলতি মাসেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। অনেক আগে থেকেই এসএসসি-র মামলার সওয়াল করে এসেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কিন্তু এবার আর তাঁকে দেখা যাবে না এই মামলায় সওয়াল করতে।

    কল্যাণকে সরিয়ে এসএসসির তরফে নিয়োগ করা হয়েছে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে। তাঁর সঙ্গে জুনিয়র হিসাবে কাজ করছেন আইনজীবী সুনীত রায়। ফলে আর কোনও মামলায় লড়তে দেখা যাবে না কল্যাণকে। কী কারণে তাঁকে সরানো হল, তা নিয়ে এসএসসি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, এসএসসি-র হয়ে একাধিক মামলায় কল্যাণ সওয়াল করেছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। শুক্রবার থেকে নতুন আইনজীবী এসএসসি-র মামলায় সওয়াল করছেন।

    বাংলায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে অনেকে চাকরি পেয়েছেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে এসএসসি-র হয়ে সওয়াল করেন ইন্দ্রনীল এবং সুনীত। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই জল্পনা চলছিল কল্যাণকে আর রাখবে না কমিশন। অবশেষে সেই দিন এসেই গেল।
  • Link to this news (আজকাল)