• ঘর থেকে উদ্ধার স্কুল শিক্ষিকার দেহ, অসুস্থ অবস্থায় উদ্ধার যুবক, কোন রহস্য খড়্গপুরের লজে?
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • খড়্গপুর শহরের গোলবাজার এলাকার একটি বেসরকারি লজ থেকে এক মহিলার দেহ উদ্ধার। বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। ওই মহিলা পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা বলে জানা গিয়েছে। মহিলার ঘর থেকে অসুস্থ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক গোলবাজারের একটি লজে একটি রুম ভাড়া নেন। কিছুক্ষণ পর সেখানে ওই ৩৫ বছর বয়সি ওই স্কুল শিক্ষিকাও পৌঁছন। পুলিশের তদন্তে প্রাথমি কভাবে উঠে এসেছে, তাঁদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। মৃত শিক্ষিকা খড়্গপুরের একটি সরকারি স্কুলে পড়াতেন। তিনি বিবাহিত ছিলেন। মৃতার স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লজের ঘরে দু’জনে একসঙ্গে বিষ খেয়েছিলেন। তার জেরেই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা এখনও স্পষ্ট নয়। অসুস্থ যুবকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লজের কর্মী, কর্তৃপক্ষ এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি লজের সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)