• জোম্যাটো-সুইগির বাজারে ভাগ বসাতে এবার আসরে নামল ফ্লিপকার্ট, কম দামে মিলবে পরিষেবা
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট খুব শীঘ্রই খাবার ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে। ওয়ালমার্টের মালিকানাধীন এই সংস্থা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সীমিত পরিসরে পরিষেবাটি চালু হতে পারে। এর ফলে বর্তমানে বাজারে নেতৃত্বে থাকা জোম্যাটো এবং সুইগি-র সঙ্গে সরাসরি প্রতিযোগিতা শুরু হবে।

    ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, প্রথম পর্যায়ে অল্প সংখ্যক গ্রাহকের জন্য এই পরিষেবা চালু করা হবে। গ্রাহকদের প্রতিক্রিয়া, পরিষেবার মান এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা বিশ্লেষণ করার পর ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও পরিষেবা সম্প্রসারণ করা হবে।

    সংস্থার দাবি, তাদের অন্যান্য ব্যবসার মতোই এই পরিষেবাও প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। গ্রাহকদের মতামত সংগ্রহ করে পরিষেবায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। পরিষেবা পুরোপুরি সন্তোষজনক হয়ে উঠলেই বৃহত্তর পরিসরে চালু করা হবে।

    সবচেয়ে বড় সুবিধা হল, গ্রাহকরা শুধু একটি আলাদা অ্যাপ থেকেই নয়, মূল অ্যাপের মধ্যেও খাবার অর্ডার করতে পারবেন। যদিও পরিষেবাটির নাম কী হবে বা কোন শহর থেকে প্রথম যাত্রা শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

    প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে থাকবে ফ্লিপকার্ট? এই প্রশ্নের উত্তরে কল্যাণ কৃষ্ণমূর্তি জানান, শুধু কম দামে পরিষেবা দেওয়াই লক্ষ্য নয়। গ্রাহকদের জন্য বেশি সংখ্যক রেস্তোরাঁ, দ্রুত ডেলিভারি, নির্ভরযোগ্য পরিষেবা এবং সহজ ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই সংস্থার মূল উদ্দেশ্য। সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি রেস্তোরাঁকে প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

    বর্তমানে ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে জোম্যাটো ও সুইগির দাপট থাকলেও এবার সেখানে ভাগ বসাতে তৈরি ফ্লিপকার্ট। তাদের বিশাল গ্রাহকভিত্তি, শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক এবং দ্রুত বাড়তে থাকা কুইক কমার্স ব্যবসা নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে পারে। ফলে আগামী দিনে অনলাইন খাবার অর্ডারের বাজারে আরও আকর্ষণীয় প্রতিযোগিতা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)