ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব, 'জয় হিন্দ' বলে কেন্দ্রীয় সরকারের কাছে কোন দাবি জানালেন মেগাস্টার
আজকাল | ২৪ জুলাই ২০২৬
দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মুখ খুললেন টলিউড অভিনেতা তথা সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনার আবেদন জানিয়েছেন।
দেব লিখেছেন, গত কয়েক দিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য তরুণ-তরুণীর কণ্ঠস্বর গভীরভাবে অনুসরণ করছেন। নিজেদের দাবি ও উদ্বেগ তুলে ধরতে যারা রাস্তায় নেমেছেন, তাঁদের কথা মন দিয়ে শোনা উচিত বলেই মনে করেন অভিনেতা। তাঁর মতে, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ এবং যখন দেশের যুবসমাজ একযোগে নিজেদের উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়, তখন তাদের কণ্ঠস্বরকে আন্তরিকতা, সহানুভূতি ও মর্যাদার সঙ্গে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পোস্টে দেব কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের উদ্দেশে আবেদন জানিয়েছেন, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের অভিযোগ ও উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। তাঁর মতে, গঠনমূলক সংলাপ এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপই বর্তমান পরিস্থিতির সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।
শুধু সরকারের প্রতিই নয়, সাধারণ মানুষের প্রতিও বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, এই সংবেদনশীল পরিস্থিতিতে সকলের উচিত শান্তি, সংযম এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই মতভেদ যেন বিভাজনের কারণ না হয়ে ওঠে।
দেব আরও বলেন, ভারতের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাই তাঁদের পাশে দাঁড়ানোর অর্থ কোনও বিভাজনকে আরও গভীর করা নয়, বরং এমন অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করা, যা ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে। তরুণদের আস্থা অটুট রাখতে হলে তাঁদের কথা শোনা এবং গণতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান খুঁজে বের করাই সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি।
পোস্টের শেষে "জয় হিন্দ" লিখে নিজের বক্তব্য শেষ করেন দেব। তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই তা দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই অভিনেতার সংযত ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করেছেন। আবার রাজনৈতিক মহলেও এই পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের আবহে দেবের এই মন্তব্য যে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।