Big Breaking: হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে ভয়াবহ দুর্ঘটনা। ভূমিধসের জেরে পাহাড়ের উপর থেকে নেমে আসা বিশাল পাথর ও ধ্বংসাবশেষে চাপা পড়ল পর্যটকবাহী একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), পুলিশ এবং স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে লাহুল-স্পিতি জেলার টিন্ডি-পাঙ্গি সড়কে। প্রবল বর্ষণের জেরে লাহুল উপত্যকা থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে কাদু নালার কাছে পাহাড়ের একাংশ আচমকাই ভেঙে পড়ে। সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি টাটা সুমো গাড়ি। মুহূর্তের মধ্যে গাড়িটি পাথর ও মাটির স্তূপের নীচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
প্রাথমিক ভাবে কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হলেও দীর্ঘ উদ্ধার অভিযানের পরে গাড়ির ভিতর থেকে মোট ১৩ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রশাসন জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং একটানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে যথেষ্ট সমস্যা হচ্ছে। আহত কয়েকজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।
বর্ষার শুরু থেকেই হিমাচল প্রদেশে একের পর এক ভূমিধস, আকস্মিক বন্যা এবং রাস্তা ধসে যাওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে লাহুল-স্পিতি, কিন্নর, কুলু ও মান্ডি জেলায় ভারী বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়। বহু জায়গায় রাস্তা ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
রাজ্য সরকার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে প্রশাসন। উদ্ধারকারী দল এখনও এলাকায় নজরদারি চালাচ্ছে, কারণ বৃষ্টির কারণে নতুন করে ওই এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।