• মুষলধারে বৃষ্টিতে বানভাসি হাসপাতাল, থৈ থৈ জলে পরিষেবা পেতে কালঘাম ছুটছে রোগীদের
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল, দুর্ভোগে রোগী ও পরিজনেরা। রাতভর টানা মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল। ভোর থেকেই চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের চরম সমস্যার মুখে পড়তে হয়। হাসপাতাল চত্বরে এবং বিভিন্ন ওয়ার্ড ও কক্ষের ভিতরে বৃষ্টির জল জমে যাওয়ায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    স্থানীয়দের দাবি, হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটুসমান জল জমে থাকে। এমনকি হাসপাতালের ওষুধ সংরক্ষণের ঘরেও জল ঢুকে পড়ায় বহু ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে চিকিৎসা পরিষেবার ওপরও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। জল জমে যাওয়ায় রোগী, প্রবীণ মানুষ, শিশু এবং তাদের পরিজনদের হাসপাতালে যাতায়াতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

    চিকিৎসাকর্মীদেরও স্বাভাবিকভাবে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতাল সংলগ্ন এলাকায় পর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ভারী বৃষ্টির সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত স্থায়ী জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। সন্দেশখালি ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এই গ্রামীণ হাসপাতালই অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র।

    তাই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং দ্রুত জল সরানোর ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে হাসপাতাল চত্বরে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন করে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ফিরিয়ে আনার দাবি উঠেছে। যাতে রোগীদের কোনও রকম ভোগান্তির মুখে না পড়তে হয়, সেদিকেই এখন নজর সকলের।
  • Link to this news (News18 বাংলা)