• চিকিৎসক স্ত্রীকে খুন! বনগাঁ আদালতে ডাক্তার স্বামীর যাবজ্জীবন, ১ লক্ষ টাকা জরিমানা
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • ডাক্তার স্ত্রীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত ডাক্তার স্বামী অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দিল বনগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (দ্বিতীয়)। বৃহস্পতিবার এই রায় দেন আদালতের বিচারক।

    পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা মণ্ডবঘাটা এলাকার বাসিন্দা চিকিৎসক অরিন্দম বালার সঙ্গে ২০২১ সালে ব্যারাকপুরের নীলগঞ্জের বাসিন্দা চিকিৎসক রত্নতমা দে-র বিয়ে হয়। রত্নতমা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক এবং চিকিৎসক রাজীব কুমার দে-র মেয়ে। অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।

    অভিযোগ, ১৯ আগস্ট ২০২৩ অরিন্দম বালা চিকিৎসাবিদ্যার জ্ঞান ব্যবহার করে স্ত্রী রত্নতমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। পরদিন, ২০ আগস্ট ২০২৩, রত্নতমার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগদা থানায় মামলা দায়ের হয়। পুলিশ অরিন্দম বালাকে গ্রেফতার করে। পাশাপাশি তাঁর বাবা বিবেকানন্দ বালা এবং ভাই অনির্বাণ বালা-র বিরুদ্ধেও বধূ-নির্যাতনের অভিযোগ দায়ের হয়।

    অরিন্দম বালা বিচার চলাকালীন জেল হেফাজতেই ছিলেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২২ জুলাই ২০২৬ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, আদালত অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়।

    রায় ঘোষণার পর মৃত রত্নতমার বাবা রাজীব কুমার দে বলেন, “আমাদের মেয়ে আর ফিরবে না। অরিন্দম আমাদের আপনজনের মতোই ছিল। কিন্তু সে নিজের কর্মের ফল পেয়েছে। আমরা ওর মৃত্যুদণ্ড চাইনি।”
  • Link to this news (News18 বাংলা)