ডুলুংয়ের তাণ্ডবে বন্ধ যাতায়াত, চিল্কিগড় কজওয়ে জলের তলায়! বিপাকে বহু মানুষ
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
টানা কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টির জেরে ফুঁসছে ডুলুং নদী। জলস্তর হু হু করে বাড়ায় ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে নদীর উপর থাকা কজওয়ে এখন সম্পূর্ণ জলের তলায়। কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোত বইতে থাকায় ওই রাস্তায় যান চলাচল কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। প্রাণহানির আশঙ্কা থাকায় ঝুঁকি নিয়ে পারাপার না করার পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা। এর ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে জামবনি ব্লকের একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন।
এই কজওয়েটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঝাড়গ্রাম শহরে যাওয়ার জন্য এই রাস্তার উপর নির্ভরশীল। কিন্তু কজওয়ে প্লাবিত হওয়ায় স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা পরিষেবা বা নিত্যপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রে চরম দুর্ভোগের মুখে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মূল রাস্তা জলের তলায় থাকায় বাধ্য হয়ে বহু মানুষকে কয়েক কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এর ফলে যেমন অনেকটা সময় নষ্ট হচ্ছে, ঠিক তেমনই যাতায়াতের খরচও বাড়ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা ও পরীক্ষার্থীরা। অনেক ক্ষেত্রেই অ্যাম্বুল্যান্সকে বিকল্প লম্বা রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফলে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার মত জরুরি কাজও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এলাকাবাসীর আক্ষেপ, তাঁদের এই যন্ত্রণা নতুন কিছু নয়। প্রতি বছর বর্ষা এলেই ডুলুং নদীর জল বাড়ে এবং কজওয়ে ডুবে গিয়ে ঠিক আগের মতই ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি এবং প্রশাসনের তরফ থেকে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।
কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। বাসিন্দাদের দাবি, যাতায়াতের সুবিধার পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য ডুলুং নদীর উপর একটি উঁচু এবং স্থায়ী সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র আশ্বাসই আর নয়, এলাকার সার্বিক পরিস্থিতি যাতে আরও ভাল হয়, তার জন্য অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন চিল্কিগড় ও সংলগ্ন এলাকার ভুক্তভোগী মানুষেরা।