এক নিমেষে ছোঁ! বাজপাখির মতো মহিলার গলা থেকে সাড়ে ৩ ভরির সোনার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
: প্রকাশ্য রাস্তায় দুঃসাহসিক ছিনতাই, মহিলার গলা থেকে সাড়ে তিন ভরির সোনার হার ছিনিয়ে চম্পট বাইক আরোহী দুষ্কৃতীরা। ফের বাইক আরোহী দুষ্কৃতীদের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ শহরে। প্রকাশ্য রাস্তায় এক মহিলার গলা থেকে প্রায় সাড়ে তিন ভরির সোনার হার ও লকেট ছিনিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার একটি সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন আক্রান্ত দম্পতি। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত প্রায় ১০টা ২৫ মিনিট নাগাদ বি.এস. রোড এলাকার একটি লজে অনুষ্ঠান সেরে এক দম্পতি দুর্গাবাড়ি মোড়ের দিকে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় একটি মোটরসাইকেলে চেপে আসা দুই যুবক তাদের পিছু নেয়। দুর্গাবাড়ি মোড়ে পৌঁছনোর পর দুষ্কৃতীরা প্রথমে ওভারটেক করে, এরপর সামনে গিয়ে গাড়ি থামাতে বাধ্য করে। মুহূর্তের মধ্যেই বাইকের পিছনে বসে থাকা এক দুষ্কৃতী মহিলার গলায় থাকা সোনার হার ও লকেট টান মেরে ছিনিয়ে নিয়ে দ্রুত বাইক পালিয়ে যায়। আক্রান্ত মহিলা অনুশ্রী বসাক জানান, ছিনতাই হওয়া হার ও লকেটের মোট ওজন প্রায় সাড়ে তিন ভরি। তিনি বলেন, “ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও ভয় লাগছে।”
অভিযোগকারী মহিলার স্বামী জয়দীপ বসাক জানান, দুষ্কৃতীদের একজন বাম হাতে তাঁর স্ত্রীর গলার চেন টানতে থাকে, অন্য হাতে চাকুর মতো ধারালো একটি অস্ত্র ছিল। দুষ্কৃতীরা দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় স্থানীয়রা ধাওয়া করেও তাদের ধরতে পারেননি।
ঘটনার পর এলাকার একটি ক্লাবের সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।