ফলতায় 'মৃত' ১৫ ভোটার জীবিত! তৃণমূলের চাপে নাম তোলার অভিযোগে বিস্ফোরক দাবি বিএলও-র
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
ফলতার সোনাকোপায় ‘মৃত’ ১৫ ভোটার জীবিত হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিএলও-র। তৃণমূলের চাপেই নাম তোলা হয়েছিল বলে দাবি করেছেন বিএলও দীপ্তি হালদার। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার বেলসিংহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকোপা গ্রামের ১৮৫ নম্বর বুথে এসআইআর সংশোধিত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, ২৯ মে ২০২৬ অন্তত ১৫ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মৃত ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেস ব্যবহার করত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে, তাঁদের মধ্যে অনেকেই দু’ থেকে তিন বছর আগে মারা গিয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর থেকেই তাঁদের রেশন পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি বাড়িতে ভোটের স্লিপ পৌঁছতেই তাঁরা জানতে পারেন, মৃত ব্যক্তিদের নাম জীবিত অবস্থায় ভোটার তালিকায় রয়েছে।
এই ঘটনায় আরও বিতর্ক তৈরি হয়েছে সংশ্লিষ্ট বুথের বিএলও দীপ্তি হালদারকে ঘিরে। স্থানীয়দের দাবি, তিনি সম্প্রতি ব্লকের ‘সেরা বিএলও’ পুরস্কারও পেয়েছেন। অভিযোগের মুখে বিএলও নিজের মুখে স্বীকার করেছেন যে রাজনৈতিক চাপের কারণে মৃত ভোটারদের জীবিত দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের চাপেই এমন কাজ করতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।