• হাড়হিম কাণ্ড কলকাতায়, দমদম পার্কে উদ্ধার যুবকের দেহ! আত্মহত্যা না খুন, বাড়ছে রহস্য
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • সাতসকালে হাড়হিম কাণ্ড কলকাতায়! দমদম পার্কে (Dum Dum Park) রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কী করে মৃত্যু? যুবক আত্মঘাতী হয়েছেন নাকি, তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে? উঠছে সেই প্রশ্ন। তদন্তে লেকটাউন থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দমদম পার্কের রেলিংয়ে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারীরা দেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুবক অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিলেন। পা মাটিতে ছুঁয়ে ছিল বলে দাবি তাঁদের। অনুমান, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫য়ের মধ্যে।

    দেহ উদ্ধারের পর প্রশ্ন উঠেছে, কী করে যুবক ওখানে এলেন? আত্মহত্যা করে থাকলে বিষয়টি কারও নজের এল না? দেহ অন্য জায়গা থেকে আনা হয়ে থাকলে সেটিও বা নজর এড়িয়ে গেল কী করে? খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)