• সকাল ৬টা থেকেই চলবে মেট্রো, রাতেও বাড়ল পরিষেবার মেয়াদ, যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • এবার সকাল ৬টা থেকেই মিলবে মেট্রো। রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। আগামী ২৭ জুলাই থেকে অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেজায় খুশি আমজনতা। 

    মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৬টায় পাওয়া যাবে প্রথম মেট্রো। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। সোমবার থেকে শনিবার পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ব্লু ও গ্রিন – দুই লাইনের প্রতিটি স্টেশনে খোলা থাকবে টিকিট কাউন্টার।

    যাত্রীদের অতিরিক্ত পরিষেবা দিতে স্বাভাবিকভাবেই মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে ১২টি মেট্রো বাড়ানো হচ্ছে। রবিবার বাড়ছে ৬টি মেট্রো। গ্রিন লাইনেও একইরকমভাবে মেট্রোর সংখ্যা বাড়ছে। বলে রাখা ভালো, কোভিডের পর থেকেই মেট্রো পরিষেবার সময়সীমা কিছুটা কমিয়ে দেওয়া হয়। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৬টা ৫০ মিনিটে পাওয়া যায় প্রথম মেট্রো। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভে গ্রিন লাইনে প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৬টা ৩৯ মিনিটে। রাত ১০টা ৫ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। তাই বারবারই মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধির দাবি করছিলেন যাত্রীরা। সেই দাবি মেনে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। যার ফলে যাত্রীরা অত্যন্ত উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 
  • Link to this news (প্রতিদিন)